স্বতন্ত্র প্রার্থী যাদের জন্য আতঙ্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা শক্ত অবস্থানে থাকলেও অনেক ক্ষেত্রে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। যেমন বরিশাল-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী হলেন বর্তমান পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের জন্য জেলা রিটার্নিং অফিসার দ্বারা যোগ্য হিসেবে চূড়ান্ত হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, বর্তমান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এই আসনে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মনোনয়ন প্রত্যাহারে প্রধানমন্ত্রীসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ে অনুরোধ জানিয়েছেন দলের মনোনীত প্রার্থী জাহিদ ফারুক। কিন্তু নির্বাচনে লড়ার ঘোষণায় এখনো অনড় সাদিক আব্দুল্লাহ।
ফরিদপুর-৩ আসনে দলের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। আর স্বতন্ত্র প্রার্থী এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ নির্বাচন করছেন। এ কে আজাদ দেশের তৈরি পোশাক খাতে একজন প্রভাবশালী ব্যবসায়ী ও একটি বেসরকারি টেলিভিশন এবং প্রভাবশালী একটি জাতীয় দৈনিক পত্রিকার মালিক। এই ব্যবসায়ী অনেক বছর আগে থেকে এলাকায় ব্যক্তিগতভাবে নানাধরনের উন্নয়নমূলক কাজ করে আসছেন। এছাড়াও দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে বেশ সখ্যতা তৈরি এলাকায় বেশ প্রভাব তৈরি করেছেন। শুধু এরকম স্বতন্ত্র প্রার্থীই নয়। দলের মনোনয়ন বঞ্চিত বর্তমান ৭১ এমপির মধ্যে ২৬ জনই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে জেলা রিটার্নিং অফিসে যোগ্য ঘোষিত হয়েছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে নেতারা জানিয়েছেন, এরকম শতাধিক আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়লাভের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন প্রভাবশালী নেতা ও মনোনয়ন বঞ্চিত এমপিরা। এছাড়াও নরসিংদী-৩ (শিবপুর) আসনে হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক এমপি সিরাজুল ইসলাম। দলীয় মনোনয়ন বঞ্চিত প্রায় ২৬ জন উপজেলা চেয়ারম্যান স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য যোগ্য ঘোষিত হয়েছে। একইসাথে বিভিন্ন আসনে দলের স্থানীয় প্রভাবশালীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের যোগ্য বলে ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিস। দলের মনোনয়ন বঞ্চিত ৭১ এমপির মধ্যে ২৬ জন নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলেও বঞ্চিত অন্যরাও নৌকার জয় ঠেকাতে কৌশলে অবস্থান নিয়েছে বলে দলের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন।
মেহেরপুরের দুটি আসনের মধ্য তীব্র ভোটযুদ্ধ হবে মেহেরপুর-২ আসনে আওয়ামী লীগের আবু সালেহ মো. নাজমুল হক সাগরের সঙ্গে সাবেক এমপি মকবুল হোসেনের। কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী মাহবুবউল-আলম হানিফ এবার চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর ছেলে পারভেজ আনোয়ার তনু। অন্যদিকে কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে যাচ্ছেন মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিনকে। এ ছাড়া কুষ্টিয়া-৪ আসনের বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জের সঙ্গে লড়বেন সাবেক এমপি আবদুর রউফ।
ঝিনাইদহ চারটি আসনের মধ্যে ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাইয়ের নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের ট্রাক প্রতীকের তীব্র লড়াই হতে পারে। ঝিনাইদহ-২ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত তাহজীব আলম সিদ্দিকীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল, ঝিনাইদহ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য এবং স্বতন্ত্র প্রার্থী শফিকুল আজম খান চঞ্চল, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ ও আওয়ামী লীগ প্রার্থী সালাহ উদ্দিন মিয়াজীর ত্রিমুখী লড়াই সবার মুখে মুখে।

যশোর-১ আসনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিনের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন। যশোর-২ আসনে আওয়ামী লীগের তৌহিদুজ্জামান তুহিনের বিপক্ষে শক্তিশালী প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম, যশোর-৫ আসনে আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য্যের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী। এদিকে বাগেরহাট-৩ আসনেও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী ও উপমন্ত্রী হাবিবুন নাহারের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারাদার।
সূত্র জানায়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির চাঁদপুর-৩ আসনে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি শামসুল হক ভূঁইয়া। পিরোজপুর-১ আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য আবদুল আউয়াল। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমকে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। নরসিংদী-৪ আসনে নৌকার প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম। বরিশাল-৫ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এখানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সঙ্গে তার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
গাজীপুর-১ আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে লড়ছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম। গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের বিরুদ্ধে নির্বাচন করছেন শক্তিশালী দলীয় স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন ও সাইফুল ইসলাম। জামালপুর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের বিরুদ্ধে দলীয় স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সাজাহান আলী মণ্ডল ও জিয়াউল হক। নেত্রকোনা-২ আসনে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক উপমন্ত্রী ফুটবলার আরিফ খান জয়।
ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের প্রতিদ্বন্দ্বী দলীয় স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি তৌহিদ জং মুরাদ। মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মোকাবিলা করছেন দলীয় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক আবদুল মান্নান এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীনকে।
শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের প্রতিদ্বন্দ্বী দলীয় স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর ছেলে খালেদ শওকত আলী। সারা বছর বাগযুদ্ধে সরব ছিলেন আওয়ামী লীগের প্রার্থী দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আবারও মুখোমুখি হয়েছেন এই দুজন।
মাদারীপুর-৩ আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান ওরফে গোলাপের বিরুদ্ধে লড়বেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, সবাইকে নির্বাচনী বিধিমালা মেনে চলতে হবে। নির্বাচনী আমেজ বজায় রেখে উৎসাহ-উদ্দীপনা সহকারে ভোটে অংশ নেবে সবাই। প্রতিযোগিতা থাকবে, সেটা যেন প্রতিহিংসায় রূপ না নেয়।
এ ছাড়া খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মোস্তফা রশীদী সুজার ভাই মোর্তজা রশীদী দারার জমজমাট লড়াই হতে পারে। সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সঙ্গে বর্তমান এমপি ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহর তুমুল লড়াই হতে পারে। সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির আশরাফুজ্জামানের সঙ্গে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবির লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। বরগুনা-১ আসনের কয়েকবারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান ও গোলাম সরোয়ার টুকুর লড়াই জমে উঠতে পারে। পটুয়াখালী-৪ আসনে বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমানের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদারে ভোটযুদ্ধ জমে উঠবে।
টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগের ছোট মনিরের কঠিন প্রতিপক্ষ গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার শক্ত প্রতিপক্ষ আওয়ামী লীগের কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ আসনে কঠিন ত্রিমুখী লড়াই হতে পারে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগ প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর।
জামালপুর-৪ আসনে আওয়ামী লীগের মাহবুবুর রহমানের সঙ্গে বর্তমান এমপি ও সাবেক প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের লাড়াই হবে। ময়মনসিংহ-১ আসনে জুয়েল আরেংয়ের নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েমের, ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম পপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ-৪ আসনে নৌকার মোহিত উর রহমান শান্তর সঙ্গে স্বতন্ত্র আমিনুল হক শামীম, ময়মনসিংহ-৯ আসনে বর্তমান এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিনের সঙ্গে আওয়ামী লীগের আব্দুস সালামের লড়াই জমজমাট হবে।
নেত্রকোনা-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী অসীম কুমার উকিলের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশীর যে কেউ জিততে পারেন। কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের দুই সন্তান ডা. সৈয়দা জাকিয়া নূর লিপির সঙ্গে তার ভাই স্বতন্ত্র প্রার্থী মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম ঈগল নিয়ে নির্বাচন করছেন। কিশোরগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত আবদুল কাহার আকন্দর সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের প্রতিদ্বন্দ্বিতা হবে। কিশোরগঞ্জ-৫ আসনে বর্তমান এমপি আফজাল হোসেনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সুব্রত পালের ভোটযুদ্ধ জমে উঠতে পারে।
মানিকগঞ্জ-২ আসনে বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগমের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সফিউল আরেফিন টুটুলের। মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন আহমেদের সঙ্গে বিকল্পধারার প্রার্থী মাহি বদরুদ্দোজা চৌধুরীর লড়াই হবে। মুন্সীগঞ্জ-৩ আসনে মৃণাল কান্তি দাসকে বিপদে ফেলতে পারেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লব। ঢাকা-১ আসনে জমজমাট লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। কারণ এই আসনে প্রার্থী জাতীয় পার্টির সালমা ইসলাম এবং বর্তমান সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
ঢাকা-৫ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান, মশিউর রহমান মোল্লা সজল ও আওয়ামী লীগের হারুনুর রশিদ মুন্নার মধ্য। গাজীপুর-৩ আসনে বর্তমান এমপি ইকবাল হোসেন সবুজের সঙ্গে আওয়ামী লীগের রুমানা আলী টুসির লড়াই জমে উঠবে, গাজীপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকির।
নরসিংদী-১ বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ও স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র কামরুজ্জামানের মধ্য হাড্ডাহাড্ডি লড়াই হবে, নরসিংদী-৩ আসনে সাবেক সংসদ সদস্য রবিউল আউয়াল খান কিরণের ছেলে ফজলে রাব্বি খানের সঙ্গে লড়াই হবে বর্তমান সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার। নারায়ণগঞ্জ-১ আসনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার। নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের সঙ্গে জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার লড়াই হবে।