স্ত্রীকে খুন করে ২৩ বছর পালিয়েছিল স্বামী, অতঃপর র‌্যাবের হাতে ধরা

২৩ বছর আগে স্ত্রীকে খুন করে পালিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত স্বামী তোফায়েল আহমেদ।

রবিবার (১৪ মে) দিবাগত রাত আড়াইটায় চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৭। গ্রেফতার তোফায়েল আহমেদ ফটিকছড়ি থানার বাবু নগর এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৯৯৯ সালের ১৩ জুন ফটিকছড়ির দৌলতপুর এলাকায় পারিবারিক কলহের জেরে নুরনাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে স্বামী তোফায়েল আহমেদকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় সে সময় স্বামী তোফায়েল গ্রেফতার হলেও জামিনে বের হয়ে আসেন। জামিনে বের হয়ে আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়ান। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তদন্ত শেষে পুলিশ নিহত নারীর স্বামী তোফায়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে গত ৮ মে আদালত তোফায়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন।