রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার লালকুঠি এলাকায় স্কুলশিক্ষার্থী সিয়াম (১৪) হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন– শান্তনুর হোসেন রুবেল ওরফে পটেটো রুবেল (২৭) ও মসিউর রহমান রকি (২৮)।
শুক্রবার (২৬ মে) পৃথক দুটি অভিযানে সাভার ও বরিশালের বাকেরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র্যাব-৪ ও র্যাব-৮। ।
শনিবার (২৭ মে) দুপুরে ৪-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান বিষয়টি নিশ্চত করেন।
রোববার (২১ মে) রাত সাড়ে আটটার দিকে মিরপুরের দারুসসালামের লালকুঠির বসুপাড়া এলাকায় সিয়ামকে কুপিয়ে হত্যা করে দূর্বৃত্তরা। নৃশংস এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। নিহত সিয়াম লালকুঠি বসুপাড়া এলাকার মো. আমিনের ছেলে। সে স্থানীয় লালকুঠি এলাকার কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।
র্যাব ৪-এর অধিনায়ক মোহাম্মদ আবদুর রহমান জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিয়ামের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদ্যসরা। গুরুতর আহত আবস্থায় সিয়ামকে ফেলে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি হত্যা মামলা করেন নিহতের মা।
গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে র্যাব কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিরা দারুস সালাম লালকুঠি এলাকায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।’
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় র্যাব।