সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া হজের প্রথম ফ্লাইট। বাংলাদেশ বিমানের ডেডিকেটেড ফ্লাইটটিতে হজযাত্রীর সংখ্যা ৪১৫ জন।
রোববার (২১ মে) স্থানীয় সময় সকাল পৌনে আটটায় জেদ্দার বাদশা আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হজযাত্রীরা।
এর আগে, ফ্লাইটটি বাংলাদেশ সময় শনিবার দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে ঢাকা ত্যাগ করে।
তার আগে, রাত সাড়ে ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্সে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট-২০২৩-এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাব-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গত শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদিতে হজ পালনের অনুমতি পেয়েছেন। কিন্তু হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ প্রায় ৫ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
সৌদি আরবে গিয়ে কোনো হজযাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়ার জন্য ২০০ সদস্যবিশিষ্ট একটি চিকিৎসক দল যাচ্ছে। চিকিৎসক দলে ১০২ জন চিকিৎসক, ৬৩ জন নার্স-ব্রাদার, ২১ জন ফার্মাসিস্ট ও ১৪ জন ওটি অ্যাসিসট্যান্ট-ল্যাবরেটরি টেকনিশিয়ান রয়েছেন। এ ছাড়া হজযাত্রীদের সঙ্গে গাইড হিসেবে যাবেন ২ হাজার ৭১৫ জন। সবমিলিয়ে এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজে যাচ্ছেন।