দুইদিনের রাষ্ট্রীয় সফরে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেল তিনটায় কাতারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
রোববার (২১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘থার্ড কাতার ইকোনমিক ফোরাম: এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরাম অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ফোরামে অংশগ্রহণ করবে।
এই ফোরামের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক পরিণতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।
ফোরামে আমন্ত্রণ পাওয়া অতিথিদের মধ্যে রয়েছেন—ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ এস আল-সুদানী, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, কাতার এয়ারওয়েজের গ্রুপ সিইও আকবর আল-বাকার, সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ এ আল-ফালিহ, সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-জাদান, কাতারের জ্বালানিবিষয়ক মন্ত্রী এবং কাতার এনার্জির প্রেসিডেন্ট ও সিইও সাদ শেরিদা আল-কাবি।
অনুষ্ঠানের আয়োজকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে অন্যতম অতিথি হিসেবে অন্তর্ভুক্ত করেন।
কাতার ইকোনমিক ফোরাম ২০২৩ বিশ্বব্যাপী সমাজ ও অর্থনীতিকে প্রভাবিত করে এমন উল্লেখযোগ্য বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর ওপর নজর দেবে। এবারের আয়োজনে এই চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি উন্নয়নে একটি নতুন রোডম্যাপ নির্ধারণ করা হবে।