চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে কুমিল্লায় ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে পড়েছে ঢাকার সঙ্গে চট্টগ্রামের ট্রেন যোগাযোগ। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেল স্টেশনে ম্যানেজার রতন কুমার সিভয়েসকে বলেন, ফেনীর হাসানপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের পিছনে দ্রুতগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে সোনার বাংলার ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এখন পর্যন্ত কোন হতাহতের খবর আসেনি।
এদিকে কসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার বলেন, নাঙ্গলকোটের হাসানপুরে মালবাহী একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যাত্রীবাহী সোনার বাংলা ট্রেন মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।