সোনামসজিদ স্থলবন্দর ৫ দিন বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভারতের মহদিপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু হক। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূজা উপলক্ষে আজ শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে। সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য ইমিগ্রেশন খোলা থাকবে।