আগামী সেপ্টেম্বর থেকে জাপানের নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট চালু হতে পারে। সবকিছু ঠিক থাকলে বহুল প্রতীক্ষিত এ রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রথম ফ্লাইটটি সেপ্টেম্বরের ৫ অথবা ৬ তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিমানের দায়িত্বশীল একটি সূত্র। তবে উদ্বোধনী ফ্লাইটে পুরোপুরি বাণিজ্যিক যাত্রী ছাড়া ভিআইপি বা বিমানের ঊর্ধ্বতন কেউ যাবে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জাপানের রাজধানী টোকিও থেকে দেড় ঘণ্টার দূরত্বে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থান। এই রুট চালুর ফলে বাংলাদেশে কর্মরত জাপানী নাগরিক, দুই দেশের শিক্ষার্থী, ব্যবসায়ীরা সরাসরি জাপান যেতে পারবেন। বর্তমানে তারা মালয়েশিয়া, চীন বা থাইল্যান্ডের এয়ারলাইন্সের মাধ্যমে ট্রানজিট নিয়ে জাপান যাচ্ছেন।
বিমানের কর্মকর্তারা বলছেন, বিমানের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন রুটও চালুর জোর উদ্যোগ নেওয়ার অংশ হিসেবেই এই ফ্লাইট চালু হচ্ছে। দীর্ঘদিন ধরে জাপানের নারিতায় বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি করা হচ্ছিল। এরপর রুটটিতে বাণিজ্যিক সফলতা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা দেখা দেওয়ায় ২০২২ সালে রুটটি চালুতে তোড়জোড় শুরু করে কর্তৃপক্ষ।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, ‘নারিতা রুটে ফ্লাইট পরিচালনার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি।’