নজরুলের প্রয়াণমাসে ‘নজরুলসন্ধ্যা’ শিরোনামের গান, কবিতা ও কথামালার এক মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে ‘নজরুলসন্ধ্যা’ অনুষ্ঠিত হয়।
এতে নজরুলের সাহিত্যের নানান দিক নিয়ে আলোচনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. মোহীত উল আলম।
ভারতের কৃষ্ণপুর নজরুল চর্চা কেন্দ্র ও কলকাতা ছায়ানটের পরিচালক, বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী সোমঋতা মল্লিক; বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণী কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের সম্মানিত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহযোগী অধ্যাপক টিভি উপস্থাপক ড. মোহাম্মদ আবুল হোসেন (সুমন হায়াত)।
অনুষ্ঠানের সভাপ্রধান ছিলেন স্বপ্নযাত্রী সংগঠনের সভাপতি আলী প্রয়াস। সঞ্চালনা করেন শিক্ষক শেখ মোহাম্মদ শাহীন আলম। শুরুতেই উত্তরীয় পরিয়ে সোমঋতা মল্লিককে বরণ করে নেন অতিথিরা। পরে নজরুলের কবিতা আবৃত্তি করেন শামীমা ইয়াসমিন ও স্নিগ্ধা বড়ুয়া।
কথামালার পর্বে আলোকচরা বলেন, নজরুল বিশ্ব মানবতার কবি। তাঁর সৃষ্টিকর্ম বিশ্বসাহিত্যের অনন্য সম্পদ। যেকোনো সংকট, সংগ্রাম ও মানব কল্যাণে নজরুলের গান ও কবিতা অনন্ত প্রেরণার উৎস হয়ে মহাকালে জাগরুক থাকবে। তারা আরও বলেন, নজরুল যথার্থ অর্থেই বিদ্রোহী। বঙ্গবন্ধুও নজরুলের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন। কারণ, বঙ্গবন্ধু সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। নজরুলও মনে করতেন, সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা যাবে। তাঁর গান ও কবিতা মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। কিন্তু নজরুলকে নিয়ে চর্চা, গবেষণা খুবই কম হয়েছে। দুই বাংলাতেই গভীরতর গবেষণা কম দেখা গেছে। তাঁকে পূর্ণাঙ্গভাবে জানতে আরও গবেষণা হওয়া প্রয়োজন।
আলোচনা পর্ব শেষে শ্রাবণের ধারার মতো সুরের আবেশ ছড়িয়ে গেলেন ভারতীয় সংগীতশিল্পী সোমঋতা মল্লিক। সুরেলা সন্ধ্যায় ক্ষণে ক্ষণে ছড়ান মুগ্ধতার আবেশ। মিলনায়তনভর্তি দর্শকেরা দুই ঘণ্টা বন্দী ছিলেন অন্যরকম মায়াজালে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি, ‘আমি চিরতরে দূরে চ’লে যাব, তবু আমারে দেব না ভুলিতে…’ গানে শুরুতেই ডুবে গিয়েছিলেন জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলের দর্শকেরা। এরপর ভারতীয় শিল্পী সোমঋতা মল্লিক গেয়ে শোনান ‘আমার আপনার চেয়ে আপন যে জেন…… রিম ঝিম রিম ঝিম ঝিম ঘন দেয়া…. ’সহ বেশ কিছু নজরুলসংগীত ।