বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি, হট্টগোল, পাল্টাপাল্টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় সমিতির সম্পাদকের কক্ষ ভাংচুর করা হয়েছে।
এ ঘটনায় পরস্পর একে অপরকে দোষারোপ করেছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলে উভয়পক্ষের আইনজীবীরা দাবি করেছেন।
মঙ্গলবার (১৬ মে) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি-আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। এ সময় একদল আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের দরজা ও জানালার কাচ ভাংচুর করেন।
ঘটনার সময় সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল সম্পাদকের কক্ষে অবস্থান করছিলেন। এ সময় বিএনপি-আওয়ামী লীগ সমর্থক কয়েশ’ আইনজীবী সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে হাতাহাতি, ধাক্কাধাক্কি করতে দেখা যায়।
পরে দুপুর ২টার দিকে সম্পাদকের কক্ষে পুলিশ সদস্যরা প্রবেশ করেন। এরপর সম্পাদক আবদুন নূর দুলাল তাদের সঙ্গে নিয়ে সভাপতির কক্ষে প্রবেশ করেন এবং ঘটনা সম্পর্কে সমিতির সভাপতিকে অবহিত করেন।