পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দায় আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে।
বুধবার (১০ মে) এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। ১২-১৩ মে ঢাকায় ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সৌদি সরকার ও অন্যান্য সরকার এ বিষয়ে সহায়তা করছে। কিন্তু তাদের যে গতিতে ফিরিয়ে আনার প্রত্যাশা করা হয়েছিল সেটিতে দেরি হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের নিজেদের খরচে চারটি চার্টার্ড ফ্লাইটে পোর্ট সুদান থেকে বাংলাদেশিদের জেদ্দায় আনবো।
শাহরিয়ার আলম বলেন, আজ তিনটি ফ্লাইট অপারেট করবে। আগামীকাল আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। জেদ্দা থেকে ঢাকা আনতে আমাদের বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যার একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি। আগামীকাল বা পরশু নাগাদ এই বাংলাদেশিরা জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশিরা নিরাপদে আছেন। সুদানে আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। তিনি খাবার সরবরাহ করছেন।
এর আগে, সৌদি সরকারের সহায়তায় সোমবার (৮ মে) ১৩৫ জন বাংলাদেশিকে সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।