রাঙামাটির কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে শেখ সাদিকুর রহমান (২৪) নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
বুধবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত শিক্ষার্থী শেখ সাদিকুর রহমান কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টর ৫ম পর্বের ছাত্র এবং ময়মনসিংহ জেলার পাগলা থানার দিগলবাহা গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।
এর আগে গত ১৬ জুলাই বেলা ১২টার দিকে প্রতিষ্ঠানটির আবাসিক ছাত্রাবাসের দোতলা থেকে পড়ে গুরুতর আহত হন সাদিকুর। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার মারা যান।
বিএসপিআই’র অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ওই শিক্ষার্থীর সহপাঠীদের সাথে কথা বলে জানতে পারি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলার রেলিংয়ে বসা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছিল।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নুরে আলম জানান, আমরা শুনেছি ওই শিক্ষার্থী ছাত্রাবাসের দোতলায় উঠে নিমগাছের ডাল কাটতে গিয়ে নিচে পড়ে যান। তবে এই ঘটনায় কেউ অভিযোগ করেনি।