ট্রান্সপন্ডারের সিগন্যাল বন্ধ করে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে তিন দেশের জাহাজ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওমানের তিনটি ট্যাঙ্কার, ফরাসি একটি কন্টেইনার জাহাজ ও জাপানের একটি গ্যাস ক্যারিয়ার হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর একপর্যায়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। পরে তেহরান জানায়, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা নেই এমন দেশগুলোর জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াত করতে পারবে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার বলেন, দেশটির একই কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে। এসময় তিনি জোর বলেন, সামরিক অভিযান নয়, বরং কূটনৈতিক প্রচেষ্টা হরমুজ প্রণালি খুলতে সাহায্য করবে।
এদিকে ইরানের জলসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে নিজেদের আইডেন্টিন্টি আপডেট করে ফরাসি ওই কন্টেইনার। জাহাজটি যে ফ্রান্সের সেটা ইরানি কর্তৃপক্ষকে জানাতেই এমন পদক্ষেপ নেয় তারা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই জাহাজগুলো হরমুজ প্রণালি পাড়ি দেয়ার সময় ‘সম্ভবত’ তাদের এআইএস ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছিল। কারণ ওই সময় জলযান ট্র্যাকিংয়ের ডাটায় জাহাজগুলোর সিগন্যাল খুঁজে পাওয়া যাচ্ছিল না।