দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি অনলাইন গেম নয়। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে বাটন টিপ দেবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিল, বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, ওখানে (লন্ডন) বসে বলবেন নির্বাচনে ভোট দেবেন না, এখানে আপনার কথা মতো সব হবে না। তিনি বলেন, আমি এবং আমার পূর্বপুরুষ, পরিবার বিগত ১০০ বছর ধরে বংশ পরম্পরায় পুরান ঢাকার মানুষের খেদমত করে আসছে। এ এলাকার ভৌত অবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন, তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা। নৌকা মার্কায় ভোট চেয়ে সাঈদ খোকন বলেন, দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ৬ভোট চাই। এ সময় সাঈদ খোকন বলেন, জনগণের রায় নিয়ে আমি আপনাদের প্রতিনিধিত্ব করব এবং এ আসন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে উপহার দেব।