সামান্যতম ভুল করলে ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে: ইরান

তেল আবিব ও হাইফা নগরী মাটির সঙ্গে মিশে যাবে

ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে সামান্যতম কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে তেল আবিব ও হাইফা নগরীকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি ।

মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি এই কথা বলেন।

তিনি বলেন, ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা নিজস্ব প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

রায়িসি বলেন, শত্রুরা বিশেষ করে ইসরায়েল এই বার্তা গ্রহণ করতে পারে যে, তাদের সামান্যতম ভুলের কঠোর জবাব দেবে ইরানের সামরিক বাহিনী।  যার পরিণতিতে তেল আবিব ও হাইফা নগরী মাটির সঙ্গে মিশে যাবে।

যুক্তরাষ্ট্রের সেনাদের উদ্দেশে রায়িসি বলেন, আজকের কুচকাওয়াজ অনুষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের জন্য বার্তা হচ্ছে- তাদের অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে।  এই অঞ্চল ছাড়তে হবে মার্কিন সেনাদের নিজেদের স্বার্থেই।