সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছে সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিমকে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য্য তাকে নিয়োগ দেন বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছাঃ রোখছানা বেগমের সই করা এই প্রজ্ঞাপণে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১০ (১) ধারা অনুযায়ী ড. সাদেকা হালিম, অধ্যাপক ও চেয়ারম্যান, সমাজবিজ্ঞান বিভাগ ও সাবেক ডিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো: শর্তগুলো হলো, ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন; ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ অথবা অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।