সোমবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স উদ্যোক্তা-পরিচালকরা তাদের শেয়ার বিক্রি করে দিচ্ছে আরেক বিমা কোম্পানি গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের কাছে। সানলাইফ কোম্পানির মালিকানায় রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার আত্মীয়-স্বজনরা।
ডিএসইর তথ্য অনুসারে জানা যায়, সানলাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা-পরিচালকরা তাদের ২১৯তম সভায় সিদ্ধান্ত নিয়েছে যে ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার বিক্রি করবে। ব্লক মার্কেটে এই শেয়ার কিনবে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৬০ হাজার ৬৯০টি। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিচ্ছে। বাকি শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিকি বিনিয়োগকারীদের হাতে ৯ দশমিক ২০ শতাংশ এবং ৫২ দশমিক ৫১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
শেয়ার কেনার জন্য ইতোমধ্যে সানলাইফ ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের একটি চুক্তি সম্পাদিত হয়েছে। ২০১৩ সালে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার সোমবার (৩০ অক্টোবর) ডিএসইতে সর্বশেষ লেনদেন হয়েছে ৫২ দশমিক ৯০ টাকায়।
তালিকাভুক্ত হওয়ার সময়কালে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটির চেয়ারম্যান ছিলেন জাহিদ মালেক। পরে তিনি মন্ত্রী হওয়ার কারণে চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। বর্তমানে কোম্পানিটির বোর্ডে চেয়ারম্যান হিসেবে আছেন জাহিদ মালেকের বোন রুবিনা হামিদ । পরিচালক হিসেবে রয়েছেন জাহিদ মালেকের স্ত্রী শাবানা মালেক ও ছেলে রাহাত মালেক এবং রুবিনা হামিদের স্বামী কাজি আকতার হামিদ।