সাউন্ড গ্রেনেডের শব্দে মির্জা ফখরুল পালান, মঈন খান তসবিহ পড়েন: তথ্যমন্ত্রী

বিএনপির নেতারা দুর্বল ঈমাণের মানুষ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড, হরতাল ও অরাজকতার বিরুদ্ধে শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এ সমাবেশে তিনি বলেন, ‘সাউন্ড গ্রেনেডের শব্দে মির্জা ফখরুল পালালো, মঈন খান তসবিহ পড়া শুরু করলো! দুর্বল ঈমানদারদের আর রাজপথ দখল করতে দিব না।

লজ্জা থাকলে বিএনপি আর হরতাল ডাকবে না। কারণ যারা বাতাস দিত, তারাও আর বাতাস দিবে না। মার্কিন সরকারের সঙ্গেও জালিয়াতি করেছে বিএনপি। ইংরেজি জানা মানুষকে ব্রিফিংয়ে বসিয়েছে তারা, এটা ভুয়া। ওই ব্যক্তি মূলত ইসরাইলের এজেন্ট।’

এ সময় তিনি আরও বলেন, আমরা শুধু ধৈর্যই ধরবো না, এবার প্রতিরোধ গড়ে তুলবো। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের দায় তারা এড়াতে পারে না। হুকুমদাতা হিসেবেই মির্জা ফখরুলকে গ্রেফতার করেছে সরকার। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গর্তে ঢুকে গেছে।

তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপির সমাবেশ ঘিরে পুলিশ সর্বোচ্চ সহনশীল ছিল। এজন্যই বিএনপির কেউ আহত হয়নি। যদি কেউ আহত হয়, তাহলে পালানোর সময়, আর নিজেদের ককটেলের কারণে আহত হয়েছে।

এ সময় বিএনপির কোনো কর্মী প্রাণ হারাননি বলেও দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা আমাদের কর্মীদের শান্ত রেখেছি। মির্জা ফখরুল সাহেব বলেছেন, তাদের একজন মারা গেছেন। অথচ শামীম মোল্লা তাদের রাজনৈতিক কর্মী না।