সরকারের লোকজনই আগুন দিয়েছে বঙ্গবাজারে: ফখরুল

সারের দাম কমান, ধানের দাম বাড়ান

সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, ‘কিছু হলেই বলে দেন বিএনপি আগুন ধরিয়ে দিচ্ছে।  অথচ সরকারের লোকজনই বঙ্গবাজারে আগুন লাগিয়েছে, ব্যবসায়ীরাও তাই বলেছেন।  এ অগ্নিকাণ্ডের জন্য সম্পূর্ণ দায় সরকারের। ’

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষকদল এ সমাবেশের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, ‘এখনো সময় আছে সারের দাম কমান, ধানের দাম বাড়ান।  অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সারের দাম বাড়ানোর মধ্য দিয়ে কৃষকদের চরম অবহেলা করা হয়েছে।  সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেওয়া হলেও আমাদের সারের দাম বাড়ানো হয়েছে।  শুধু আইএমএফের শর্তপূরণে এটা করা হয়েছে।  কৃষকদের গলা চেপে ধরার জন্য সারের এমন মূল্যবৃদ্ধি। ’

কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিনু, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম প্রমুখ।