সরকারকে টেনে না নামালে নামবে না: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে টেনে না নামালে নামবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকার করোনাভাইরাস, ঘূর্ণিঝড় মোখা থামাতে পারলেও জনতার স্রোত থামাতে পারবে না। রাজপথে ফয়সালা হবে। তারপর জনগণের সংসদ গঠন করা হবে।

শুক্রবার (১৯ মে) বিকেলে রাজধানীর শ্যামলীতে বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করে দলটি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, শেষ সময়ে টিকে থাকতে সরকার মরণ কামড় দিচ্ছে। ‘যতই জাপান, আমেরিকা, চীন যান, কোনো লাভ নেই। আপনাদের সময় শেষ। বিএনপি মহাসচিব বলেন, ‘সব পাইক-পেয়াদা রেখে, পুলিশ প্রটেকশন… সব কিছু বাদ দিয়ে গণভবন থেকে বের হয়ে আসেন। জনতার কাতারে আসেন। মানুষের চোখের দিকে তাকান। মানুষের চোখের ভাষা বোঝার চেষ্টা করুন।’

দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম ৩ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়ে গেছে। অথচ আওয়ামী লীগের ভাইয়েরা, মন্ত্রীরা সারাক্ষণ এসি গাড়িতে, এসি বাড়িতে থাকছেন। পোলাও-কোরমা খাচ্ছেন। তারা বলছেন, সব ঠিক আছে…। আবার তামাশা করে কেউ কেউ বলছেন, দেশ সিঙ্গাপুরের চেয়েও ভালো আছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা প্রথম শর্ত দিয়েছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। তারেক রহমানসহ ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। সরকারের সবাইকে পদত্যাগ করতে হবে।’

সরকার আইন করে নির্বাচন কমিশনের ক্ষমতা কমাচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘আপনারা নতুন আইন করতে যাচ্ছেন। সেটা হলো- নির্বাচন কমিশন কোনো আসনের নির্বাচন বাতিল করতে পারবে না। তাহলে নির্বাচন কমিশনের স্বাধীনতা থাকলো কোথায়? আপনারা জনগণকে বোকা মনে করছেন, জনগণের সঙ্গে প্রতারণা করছেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক আমানউল্লাহ আমান। ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় সমাজসেবাবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল প্রমুখ।