জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন ও নির্বাচনে বিচার বিভাগের কী ভূমিকা থাকে, তা নিয়ে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সাথে বৈঠক করেছেন সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এই বৈঠকে কমনওয়েলথের চার জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অন্যদিকে, অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। বৈঠক শেষে এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, তারা যা যা জানতে চেয়েছিলেন আমরা সে সব বিষয় তাদের অবহিত করেছি। সফররত কমনওয়েলথের প্রাক-নির্বাচন পরিস্থিতি মূল্যায়ন দলের সদস্যরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করছেন। প্রতিনিধি দলে রয়েছেন লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের হেড অব ইলেক্টরাল সাপোর্ট সেকশন লিনফোর্ড এন্ড্রো, পলিটিক্যাল এডভাইজার লিনডে মাললেকা, এক্সিকিউটিভ অফিসার জিপি ওজাগো ও অ্যাসিসটেন্ট রিসার্চ অফিসার সার্থক রায়।