সন্দ্বীপে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হলেও ভোটারদের উপস্থিতি নেই। বেশিরভাগ কেন্দ্রই ফাঁকা। নেই প্রার্থীদের অভিযোগও।
সকাল সাড়ে দশটার দিকে ৪৯ নম্বর মুছাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোটার লাইন একেবারে ফাঁকা। কয়েক মিনিটি পর পর দু-একজন ভোট দিতে আসছেন। ফলে অলস সময় পার করছেন পোলিং কর্মকর্তারা। একই চিত্র প্রত্যেক ভোট কেন্দ্রে।
৪৯ নম্বর মুছাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হালিম তুষার বলেন, ভোটার উপস্থিতি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে। আটটি বুথে ৩ হাজার ৬২৮ ভোটের মধ্যে পড়েছে ১৪০টি ভোট।
সকাল পৌনে এগারোটার দিকে মুছাপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা রাশেদ ছোবহান চৌধুরী বলেন, ২ হাজার ৩৮০ ভোটের মধ্যে পাঁচটি বুথে ১৪০টি ভোট পড়েছে। কোন অভিযোগ কেউ করেনি। প্রত্যেক প্রার্থীর এজেন্ট রয়েছে।
১৫টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা নিয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গঠিত। উপজেলার মোট ৮৬টি কেন্দ্রে ৫৭২টি বুথ রয়েছে। ভোটার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৭৩৫ জন পুরুষ এবং ১ লাখ ১৭ হাজার ৮৭৫ জন নারী।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন-নৌকা প্রতীক নিয়ে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন, মশাল প্রতীক নিয়ে জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও দোয়াত প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মশিউর রহমান বেলাল।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো.আরিফ বলেন, সকাল থেকে সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। প্রার্থীদের কোনও অভিযোগ নেই।
সূত্র : বাংলানিউজ