মা হচ্ছেন দীপিকা! এ বছরের সেপ্টেম্বরেই ‘পাওয়ার কাপল’ খ্যাত তারকা দীপিকা পাড়ুকোন-রণবীর সিং দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে এই খুশির খবর সোশ্যাল মিডিয়া ইন্সটাগ্রামে জানিয়েছেন এই দম্পতি।
সন্তান আসতে এখনো মাস আটেক বাকি। তবে এরই মধ্যে ভাবি সন্তানের নামও নাকি ঠিক করে ফেলেছেন তারা এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিউড পাড়ায়।
বৃহস্পতিবার সকালে একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে রণবীর-দীপিকা। সেখানে বাচ্চাদের জুতা, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেয়া সন্তান আসার সময়। অর্থাৎ সেপ্টেম্বর ২০২৪। ছবিটি পোস্ট করে দীপিকা কেবল প্রণামের ইমোজি পোস্ট করেছেন।
এই দম্পতির দুজনই শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। বিয়ের পর নাকি অ্যালবাম খুলে দীপিকার শৈশবের ছবি মুগ্ধ হয়ে দেখতেন রণবীর। রণবীরের ভাষ্যে, ‘দীপিকা শৈশবে খুব মিষ্টি বাচ্চা ছিল। ’
এক সাক্ষাৎকারে রণবীর কাপুর বলেছিলেন, দীপিকার মতোই মিষ্টি, আদুরে একটা মেয়ে চান। ছেলে বা মেয়ে যেই আসুক না কেন নাম দেবেন শৌর্যবীর সিং। বিয়ের পাঁচ বছর পর খুশির খবর শুনে শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে নেটদুনিয়া।
উল্লেখ, ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর। দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমাতেও একসাথে দেখা গেছে তাদের।