সড়কে ব্যবহৃত নির্মাণ সামগ্রীর মান পরীক্ষা করতে গবেষণাগার চালু করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২ নভেম্বর) নগরের সাগরিকায় অত্যাধুনিক এ গবেষণাগার উদ্বোধন করেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এ সময় তিনি বলেন, কোটি টাকা ব্যয়ে কোর কাটার মেশিন, ওভেনসহ ৩৩টি বিভিন্ন অত্যাধুনিক মেশিনে সড়কসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ব্যবহৃত সামগ্রী পরীক্ষা করা হবে এ গবেষণাগারে। আবার প্রকল্প শেষ হলে সে প্রকল্প থেকে স্যাম্পল সংগ্রহ করে কাজের মান পরীক্ষা করা হবে। ফলে একদিকে চট্টগ্রামের রাস্তার মান বাড়বে, অপরদিকে আগে এ পরীক্ষাগুলো বাহিরে করতে গিয়ে যে ব্যয় হতো তা সাশ্রয় হয়ে চসিকের আয় বাড়বে এবং সময় সাশ্রয় হবে।
এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর মো. ইসমাইল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।