বাংলাদেশের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য (এমপি) খাদিজাতুল আনোয়ার সনির ওমানে আটকের বিষয়ে কোনো খবর জানা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা জানি না যে এ রকম কোনো সংসদ সদস্য সেখানে বেড়াতে গেছেন। কোনো ব্যক্তি যদি যান, সেটি ব্যক্তিগত উদ্যোগে। সরকারিভাবে আমরা কাউকে পাঠাইনি এ মুহূর্তে এবং এই তথ্য আপনার কাছে শুনলাম। এগুলো আমরা জানি না।
উল্লেখ্য, রাজনৈতিক সভা সমাবেশ করার অভিযোগে মঙ্গলবার (১ আগস্ট) রাতে রয়্যাল ওমান পুলিশের সিআইডির একটি দল সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনিকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে । ওমানে তার আটকের বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।