সংসদে তোলা হচ্ছে ফিলিস্তিনিদের ওপর গণহত্যায় ‘নিন্দা প্রস্তাব’

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় “নিন্দা প্রস্তাব” জাতীয় সংসদে তোলা হচ্ছে। সোমবার (৩০ অক্টোবর) সংসদের ১৪৭ বিধিতে নৃশংস এই গণহত্যার প্রতিবাদ জানিয়ে সাধারণ আলোচনা হবে। এর আগে গত ২২ অক্টোবর চলমান অধিবেশনের প্রথম দিনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফিলিস্তিন ইস্যুতে আলোচনার কথা জানান।

সংসদের সোমবারের দিনের কার্যসূচি অনুযায়ী দিনাজপুর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুয়ায়ী সাধারণ আলোচনার প্রস্তাব আনবেন।

কার্যসূচিতে উল্লেখিত তার প্রস্তাবটি হচ্ছে, “সংসদের অভিমত এই যে, বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চালানো নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। এই সংসদ ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সকল বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সঙ্গত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।”

প্রস্তাবের ওপর সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারি, ১৪ দলীয় জোট এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা সাধারণ আলোচনায় অংশ নিতে পারেন বলে জানা গেছে।