সংসদের ২৪তম অধিবেশন ৩ সেপ্টেম্বর

একাদশ সংসদের শেষ অধিবেশন

চলমান একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন বসছে আগামী ৩ সেপ্টেম্বর।  সংবিধান অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে এটি হতে পারে একাদশ সংসদের শেষ অধিবেশন।

বুধবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ওইদিন বিকেল পাঁচটায় সংসদের বৈঠক বসবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ৭ জুলাই শেষ হয় সংসদের বাজেট অধিবেশন।  নিয়ম অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি বসতে হবে।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায়, সব ঠিক থাকলে এটিই হতে পারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ অধিবেশন।  মাঝে কয়েকদিন বিরতি দিয়ে এ অধিবেশন কিছুদিন টানা হতে পারে।

চলতি একাদশ সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে আগামী বছরের ২৯ জানুয়ারি।  সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার (২৯ জানুয়ারি) আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে।  আগামী ১ নভেম্বর থেকে এই ৯০ দিন গণনা শুরু হবে।

সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেয়া যাবে না।  তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।

সে হিসাবে সেপ্টেম্বরের অধিবেশনের পর আর সংসদের অধিবেশন না বসলেও চলবে।  সে ক্ষেত্রে এটিই হবে চলতি সংসদের শেষ অধিবেশন।