ছয় মাসেরও বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। শনিবার এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। একাত্তরকে তিনি বলেন, গত সোমবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব। তিনি জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ২৯ অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে আটক হন মির্জা ফখরুল। এরপর ৯ ঘণ্টা ডিবি অফিসে আটকে রাখার পর সন্ধ্যায় আদালতে তোলা হয়েছিল তাকে। ২৮ অক্টোবর নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও-পোড়াওয়ে নিহত হন এক পুলিশ সদস্য। গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা। আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ হাসপাতালসহ বেশকিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহসাচিবসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেপ্তার হন তখন। এর মধ্যে সাত জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।