টাঙ্গাইলের ভূঞাপুরে শ্বশুরবাড়ি থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মোস্তফা কামাল (৪২) ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আনন্দপাড়া গ্রামের বাসিন্দা। ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন তিনি। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর উপজেলার ফলদা ঘোনাপাড়া থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয় ফলদার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক জানান, “গাছে ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেটি উদ্ধার করে।” ঘটনার পর মৃতের স্ত্রী রুনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ বলছে, মোস্তফার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তার স্ত্রীর পরকীয়ায় জড়িত থাকার বিষয়টি লেখা আছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মোস্তফার পকেটে পাওয়া চিরকুটে স্ত্রীর পরকীয়ার বিষয়টি লেখা ছিল।” স্থানীয়রা বলছেন, মোস্তফার স্ত্রী পরকীয়ায় আসক্ত হওয়ায় প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। এতে হতাশাগ্রস্ত হয়ে গতকাল (মঙ্গলবার) রাতের কোনো এক সময়ে শ্বশুরবাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা থাকতে পারে সে। মোস্তফা কামালের বড় ভাই সাজেদুল করিম বলেন, “পরকীয়া নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগেই থাকত। যে কারণে কামাল হতাশাগ্রস্ত হয়ে তার স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে ফাঁস নিয়েছে বলে ধারণা করছি।”