রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আগামী শুক্রবার (১২ মে) রাত ১১টা ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। ওই সড়কে তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যানচলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১০ মে) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য ওই ৭ ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
বেবিচক সূত্র জানায়, যারা দেশের বাইরে যাবেন এবং আসবেন, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। তবে যারা অন্য কাজে আসা-যাওয়া করেন, তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।