দীর্ঘ ৪৭ বছর পর আবারও চাঁদে মহাকাশযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ভবিষ্যতে চাঁদের পৃষ্ঠে বসতি গড়ার লক্ষ্যে পানির খোঁজে দক্ষিণ মেরুতে মহাকাশযানটি পাঠাবে দেশটি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল শুক্রবার সংস্থাটি চাঁদে পাঠানোর জন্য নিজস্ব মহাকাশযান উৎক্ষেপণ করবে।
তবে মহাকাশযানটি উৎক্ষেপণের কথা ছিল আরো আগে। বেশ কয়েকবার বিলম্বের পর নিজেদের এককভাবে তৈরী মহাকাশযান ব্যবহার করে চাঁদে অভিযান পরিচালনা করছে দেশটি।
গত ৫০ বছরের ইতিহাসে এটিই হবে রাশিয়ায় প্রথম চন্দ্র অভিযান। সর্বশেষ ১৯৭৬ সালের চাঁদে অভিযান পরিচালনা করেছিল দেশটি।
রসকসমসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, লুনা-২৫ নামের মহাকাশযানটি আগামী ১১ আগস্ট উৎক্ষেপণ করা হবে। চাঁদে মহাকাশযানটি মাটি পরীক্ষা থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।
দীর্ঘ সময় পর উৎক্ষেপণের ব্যাপারটি ছাড়াও রাশিয়ার চাঁদে এই অভিযানটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কেননা পূর্বে মহাকাশ অভিযানের ক্ষেত্রে দেশটির ইউরোপিয়ান স্পেস এজেন্সির সহযোগিতা গ্রহণের সুযোগ ছিল।