শীঘ্রই চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত : সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শীঘ্রই চট্টগ্রামে মেট্রোরেলের নির্মাণ কাজের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১৩ জানুয়ারী) চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বন্দরনগরীতে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ। চট্টগ্রামেও মেট্রোরেল হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট প্রায় শেষ। ৩১ জানুয়ারি আমি আসব, মেট্রোরেলের সেদিন ফিজিবিলিটি শেষে পরবর্তী করণীয় ঠিক করব সেদিন। এখানকার নেতারা থাকবেন, সরকারের তথ্যমন্ত্রীও থাকবেন।

এসময় কর্ণফুলি টানেল এপ্রিল বা মে মাসে আমরা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, টানেলের ৯৫ শতাংশ কাজ শেষ। এখন শেষ মূহুর্তের কিছু কাজ চলছে। কোনো দুর্ঘটনা যাতে না হয় সেজন্য টানেলে প্রবেশ মুখে স্ক্যনার বসানোর কাজ চলছে। এপ্রিল বা মে মাসে আমরা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের পদত্যাগের দাবি উদ্ভট বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সোমালিয়ার মতো দেশে যেখানে প্রতি ৮৬ সেকেন্ডে একজন করে লোক মারা যাচ্ছে, সেখানেও এমন দাবি নেই। পাকিস্তান ছাড়া তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দেশে নেই।

ওবায়দুল কাদের বলেন, আমাদের গণতন্ত্র ত্রুটিমুক্ত- এ কথা আমি বলব না। আমাদের গণতন্ত্র এখন বিকাশমান পর্যায়ে আছে। এটা ক্রমান্বয়ে আমরা সংশোধন করতে পারব। এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর দেশে গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন তার কন্যা শেখ হাসিনা।

এসময় সেতুমন্ত্রী আরো বলেন, ১৬ জানুয়ারি বিএনপির বিক্ষোভ মিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, সেদিন কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না। এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি না। জনগণের জানমালের নিরাপত্তায় সতর্ক পাহারায় থাকব আমরা।

সেতুমন্ত্রী আরও বলেন, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকার পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা। আইএমএফের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের এক-তৃতীয়াংশ দেশ মহামন্দার দিকে যাচ্ছে। আমাদের প্রতিবেশি দেশ শ্রীলঙ্কার রিজার্ভ তলানিতে। পাকিস্তানের রিজার্ভ হাফ মিলিয়ন ডলারে চলে এসেছে। সেখানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে রিজার্ভ ৪৮ ছিল, সেটা এখন ৩৪ মিলিয়ন ডলারে এসেছে। আমি মনে করি আমরা স্টেবল পজিশনে আছি।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ।