গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন বাতিল করেছেন ও গাজীপুরের বাসন থানার মামলায় জামিন স্থগিতাদেশ চলমান থাকবে বলে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (৩১ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রফিকুল ইসলাম মাদানীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পি।
এর আগে গত ৯ এপ্রিল গাজীপুরের গাছা ও বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন স্থগিত করে চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
জানা গেছে, গাজীপুরের গাছা থানার মামলায় রফিকুল ইসলাম মাদানীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রয়েছে। এ কারণে জামিন বাতিল করেছেন।
গত ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না– এ শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছিলেন।
আদালতে মাদানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। পরে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
প্রসঙ্গত, ‘শিশুবক্তা’খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়। মামলার এজাহারে রফিকুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়। পরে বেশকিছু অভিযোগ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।