নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী শামস সুমন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্ডিয়াক অ্যারেস্টে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার (১৮ মার্চ) বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতা মঞ্চ থেকে যাত্রা শুরু করে, ছোট পর্দা এবং বড় পর্দায় সমানতালে দাপিয়ে বেড়িয়েছেন।
তৌকির আহমেদের মুক্তিযুদ্ধ নির্ভর চলচ্চিত্র ‘জয়যাত্রা’র মাধ্যমে প্রথম সিনেমায় অভিনয় করেন সুমন।
এরপর ২০০৬ সালে মুক্তি পাওয়া বাদল খন্দকার পরিচালিত ‘বিদ্রোহী পদ্মা’ সিনেমায় দেখা যায় তাকে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘স্বপ্নপূরণ’ সিনেমায় প্রাণবন্ত অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নেন।
তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে আরও রয়েছে- মন জানেনা মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, নমুনা, হ্যালো অমিত।
বড়ো পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের যৌথ পরিচালনায় আলোচিত সিনেমা ‘মিশন এক্সট্রিম’-এ। সেখানে তিনি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর অসুস্থতার কারণে তিনি আর নতুন কোনো কাজে যুক্ত হতে পারেননি।
কর্মজীবনে তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন।