শাটলের বগি বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের দাবিতে চবিতে প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বগি বৃদ্ধি ও আবাসন সংকট নিরসনের দাবিতে যৌথভাবে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের স্বরণ চত্বরে (জিরো পয়েন্টে) প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবিব সংসদের সভাপতি প্রত্যয় নাফাক বলেন, ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন ধরে শাটলের বগি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে কয়েক দফায় ভিসি ও প্রক্টর পরিবর্তন হলেও শাটলের বগির কোনো পরিবর্তন নেই। একই সাথে বিশ্ববিদ্যালয়ে গত ৬/৭ বছর ধরে আবাসিক হলে কোনো সিট বরাদ্দ দেওয়া হচ্ছে না। দুটি হল তৈরি করা হলেও উদ্বোধনের কোনো খবর নেই, যা খুবই দুঃখজনক।

সংগঠনটির চবি শাখার শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুদীপ্ত চাকমা বলেন, ৭ তারিখে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারক লিপি দিতে গেলে প্রশাসন আমাদের সাথে ভালোমতো কথা পর্যন্ত বলেনি। সমস্যাগুলোর এখনও দৃশ্যমান কোন সমাধান হয়নি। বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চাকসু নির্বাচন না হওয়ায় বিদ্যালয় প্রশাসন একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে এবং ছাত্রদের অধিকার ক্ষুন্ন করছে। আমরা চাই চাকসু নির্বাচন দিয়ে ছাত্র প্রতিনিধি দেওয়া হোক। যতদিন সমাধান না পাওয়া যায় ততদিন আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাব।

প্রতিবাদ সমাবেশে লোক প্রশাসন বিভাগের ১৯-২০ সেশনের সুকি কুমার তন্চঙ্ঘা বলেন, গত ৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কলঙ্কজনক ঘটনা ঘটে যাওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জানিয়ে আসা দাবিগুলো মেনে নিত তাহলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না। বিশ্ববিদ্যালয়ের এ ব্যাপারে কোন মাথাব্যথা নেই। এছাড়া ৩০ হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও খুবই নগণ্য সংখ্যক শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের সিট দিতে না পারাটা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা চরম লজ্জাজনক ব্যাপার। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই অনতিবিলম্বে শাটল ট্রেনের বগি বৃদ্ধি সহ শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করা হোক।

এছাড়াও, সমাবেশে ছাত্র ইউনিয়ন চবি সংসদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।