চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা ১০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলায় জবাব দাখিলের জন্য সমন জারির আদেশ দিয়েনে আদালত। মঙ্গলবার (৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালত এ সমন জারির আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম জানান, গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত সোমবার ৮ মে বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তবারক হোসেন বলেন, ‘এর আগে আমরা মামলার আবেদন করেছি। আদালত আমাদের কোর্ট ফি দাখিল করতে বলেছিল। আমরা তা দাখিল করেছি। এরপর আদালত সাকিব খানের বিরুদ্ধে সমন জারি করেছে।’
উল্লেখ্য ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।
গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।
এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী।