ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তাকে ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। চলতি মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে- এমন খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, সন্তান জন্ম দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন এই চিত্রনায়িকা।
কিন্তু নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, খবরটি পুরোপুরি সঠিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের ভাষ্য, বুবলী এখনো দেশেই অবস্থান করছেন। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
শোবিজ জগতে গুঞ্জন, কন্যাসন্তানের মা হচ্ছেন বুবলি আর বাবা হচ্ছেন মেগাস্টার শাকিব খান। গত বছর যুক্তরাষ্ট্রে বুবলী ও ছেলে বীরকে নিয়ে অবকাশ যাপনে ছিলেন শাকিব। এরপরই প্রকাশ্যে আসে বুবলীর অন্তসত্ত্বা হওয়ার খবর।
এদিকে ঢালিপাড়ার একটি সূত্র দাবি করছে, শাকিব খানের পরামর্শেই গর্ভকালীন সময়ের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন বুবলী। এবার অভিনেত্রীর কন্যা সন্তান হতে পারে এমনটাও দাবি করা হয়েছে।
এদিকে জানা গেছে, আগামী সপ্তাহে একটি নতুন প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে (ওপেনিং) অংশ নেওয়ার কথা রয়েছে বুবলীর। সেই অনুষ্ঠান শেষে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
শবনম ইয়াসমিন বুবলী ঢালিউডে অভিনয় জীবন শুরু করেন বসগিরি সিনেমার মাধ্যমে। এরপর অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন এবং প্রায় দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেন।
ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ২০১৮ সালের ২০ জুলাই ঢালিউড স্টার শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। তাদের সংসারে ২০২০ সালে জন্ম নেয় প্রথম সন্তান শেহজাদ খান বীর। তবে সন্তানের জন্মের বিষয়টি তারা প্রকাশ্যে আনেন প্রায় দুই বছর পর, যা সে সময় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।