২০২৩ সালকে ব্যক্তিগত রেকর্ড বইয়ের অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ভারতীয় তরুণ ব্যাটার শুভমান গিল। বছরের চলমান ৫ মাসের চেয়েও তার সেঞ্চুরির সংখ্যা বেশি। সব ফরম্যাটেই তিনি ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন। পূর্ণ করেছেন ৬টি সেঞ্চুরি।
সর্বশেষ সোমবার (১৫ মে) তিনি আইপিএলের প্রথম সেঞ্চুরি পেয়েছেন। ৫৮ বলে গিলের ১০১ রানের পথে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। আরেকটি রেকর্ডে শুভমান গিল মাহেলা জয়াবর্ধনে এবং ডেভিড ওয়ার্নারের পাশে বসেছেন।
সেঞ্চুরি করা গিল ফিফটি করার পথে মাত্র ২২ বল খেলেন। তবে এই কীর্তি গড়তে তিনি মাত্র একটি ছক্কা হাঁকান। যা আইপিএলে দ্রুততম ফিফটি গড়ার পথে সবচেয়ে কম ছয় মারার রেকর্ড। এর আগে একটি ছয় মেরে টুর্নামেন্টটিতে ফিফটি করেছিলেন শচীন টেন্ডুলকার।
তবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা শচীন গিলের চেয়ে এক বল বেশি খেলেন। ২৩ বলে ফিফটি পাওয়ায় ভারতীয় এই কিংবদন্তি ব্যাটারের সবচেয়ে কম ছয় মেরে দ্রুততম ফিফটির রেকর্ড ভাঙেন গিল।
তবে অজি ব্যাটার ওয়ার্নার ও সাবেক লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনের রেকর্ড স্পর্শ করার কীর্তিটাই এগিয়ে রাখবে গিলকে। চলতি বছর সব ফরম্যাট মিলিয়ে ৬ সেঞ্চুরি করা গিল এখন পর্যন্ত ৪৫টি আন্তর্জাতিক ম্যাচে খেলেছেন। তিন সংস্করণেই সেঞ্চুরি আছে তার।
সাত সেঞ্চুরির পাঁচটিই করেছেন এ বছর। ২৩ বছর বয়সী ওপেনারের আক্ষেপ বলতে ছিল আইপিএলে সেঞ্চুরি না পাওয়া। মঙ্গলবার (১৬ মে) সেটাও পেয়ে গেছেন।