লোহাগাড়ায় বৌদ্ধবিহার ভাংচুরের ঘটনায় চার্জশিটভুক্ত আসামি বশিরসহ গ্রেফতার ২

চট্টগ্রামের লোহাগাড়ার আলোচিত চরম্বা ইউনিয়নে বিবিবিলা বৌদ্ধবিহার ভাংচুরের ঘটনায় চার্জশিটভুক্ত ইউপি সদস্য বশিরুল আলম শরীফসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (৩১ জুলাই) রাতে উপজেলার বটতলী ও কলাউজান রাবার ড্যাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, কলাউজান ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য বশিরুউল আলম শরীফ ও আমিরাবাদ দর্জি পাড়ার রবিউল ইসলাম রুবেল। এদের মধ্যে ইউপি সদস্য বশিরুল আলম শরীফ চার্জশিটভুক্ত ১৭ নং আসামি।

মামলার তদন্তকারীদের পিবিআইর উপ-পরিদর্শক ( এসআই) শফিউল আলম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে রুবেলকে গ্রেফতার করি। পরে তার দেওয়া তথ্যমতে ইউপি সদস্য বশিরকে কলাউজান রাবার ড্যাম এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই।

তিনি আরও জানান, তারা দুজন ২০২০ সালে ২৫ মে চরম্বা ইউনিয়নের বিবিবিল বৌদ্ধবিহারে হামলা-ভাংচুর মামলার আসামি। এ ঘটনায় আরেক আসামি মো. জাহাঙ্গীরের ১৬৪ ধারা জবানবন্দির প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইউপি সদস্য বশিরুল আলম শরীফ চার্জশিটভুক্ত ১৭ নং আসামি। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।