লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে এসএসসি ২০০০ ব্যাচ।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ১০টি প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি ২০০০ ব্যাচের সদস্যরা উপস্থিত হয়ে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষা সামগ্রীর মধ্যে ছিল- খাতা, কলম, পেন্সিল, রোলার, কাটার, রাবার, পেন্সিল বক্স ও জ্যামিতি বক্সসহ অন্যান্য শিক্ষা উপকরণ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দিন। এসএসসি ২০০০ ব্যাচ সদস্য সাংবাদিক কাইছার হামিদ, দেলোয়ার হোসেন ইমন, তৌসিফ রেজা চৌধুরী, মাঈন উদ্দিন, শাহ আলমসহ স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএসসি ২০০০ ব্যাচ সদস্য ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইছার হামিদ বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে লোহাগাড়ায়। এতে শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক প্রভাব পড়েছে। অনেকে ঘরবাড়ী হারিয়েছে। শিক্ষা উপকরণ নেই অনেক শিক্ষার্থীর। তাই এমন উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে এক হাজার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। এসএসসি ২০০০ ব্যাচ সব সময় মানবিক কাজে নিয়োজিত থাকবে।