লোহাগাড়ায় নৌকার প্রশংসা কুড়াতে গিয়েই বিতর্কিত, নগদ প্রদানে মিলল রেহাই

আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খুশি করতে ফেসবুকে মিথ্যে পোস্ট দেওয়ার দায়ে নৌকা প্রতীকের এক সমর্থককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সহকারী রিটার্নিং কর্মকর্তার নির্দেশে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উক্ত জরিমানা আদায় করার পাশাপাশি ওই সমর্থককে সতর্ক করেছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল দৈনিক আজাদীকে বলেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুসকে খুশি করতে গত ২১ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ চলাকালীন সময়ের একটি ছবিকে নৌকা প্রতীকের সমর্থনে এলাকার মুরব্বিদের নিয়ে চেয়ারম্যানের মতবিনিময় ক্যাপশন লিখে নিজের ব্যাক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন রায়হান উদ্দিন নামের এক নৌকার সমর্থক।

পোস্টটি আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুস এর ফেসবুক আইডিতে ট্যাগও করেন ওই সমর্থক। পোস্টটি দেখে ভ্রাম্যমাণ আদালত আমিরাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে দেখা যায় সেখানে কোন ধরনের মতবিনিময় হচ্ছেনা বরং পোস্টকারী অভিযুক্ত রায়হান এবং চেয়ারম্যান দুজনকে উপস্থিত পাওয়া যায়।

রায়হান উদ্দিন ভ্রাম্যমাণ আদালতের কাছে চেয়ারম্যানের প্রশংসা পাওয়ার জন্য ২১ ডিসেম্বরের ইউনিয়ন পরিষদ চলাকালীন সময়ের ছবি মিথ্যা ক্যাপশনে ফেসবুকে পোস্ট দিয়েছে বলে তার অপরাধ স্বীকার করলে সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রায়হান উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং উক্ত পোস্ট ডিলিট করা হয়। সে লিখিত স্বীকারোক্তি দিয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না অঙ্গীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম ইউনুস বলেন, আমি ২১ ডিসেম্বর বয়স্ক ভাতা প্রাপ্ত এলাকার মুরব্বিদের সাথে পরিষদ কার্যালয়ে আলাপ করছিলাম, সেইদিনের সেই মুহুর্তের ছবি আমার সমর্থক রায়হান উদ্দিন আমাকে খুশি করতে ফেসবুকে মিথ্যা ক্যাপশন দিয়ে পোস্ট করে লিখেছে আমি নৌকার সমর্থনে মতবিনিময় করছি। সেই অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেছে। আমি পরিষদ কার্যালয়ে নৌকার সমর্থনে কোন ধরনের মতবিনিময় সভা করিনি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদকে কর্মী সম্মেলন বা প্রার্থীর পক্ষে প্রচারনার কেন্দ্র বানানোর কোন ধরনের সুযোগ নেই, এটি আচরণ বিধির সম্পূর্ণভাবে লংঘন। অনেক চেয়ারম্যান পরিষদের অফিসিয়াল পোস্ট হতে প্রার্থীর পক্ষে প্রচারনার পোস্টও দিচ্ছেন। চেয়ারম্যানগনকে এরুপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করছি। এরূপ কাজ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।