লেফট্যানেন্ট জেনারেল (অব.) হাসান সারওয়ার্দী গ্রেপ্তার

বিএনপির সমাবেশ ঘিরে তাণ্ডবের দিন মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টাকে দলীয় কার্যালয়ে হাজিরের ঘটনায় দায়ের করা মামলার আসামি সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পল্টন থানায় দায়ের করা একটি মামলায় সারওয়ার্দীকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর পরই তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে চৌধুরী হাসান সারওয়ার্দী সঙ্গে করে নিয়ে যান। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গত রোববার বিমানবন্দর থেকে আটক গ্রেপ্তার দেখানো হয় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফিকে। একইসঙ্গে বিএনপি নেতা মো. ইশরাক হোসেন ও সেনা কর্মকর্তা সারওয়ার্দীর বিরুদ্ধেও মামলা হয়।

শনিবার বিএনপির মহাসমাবেশেকে ঘিরে সংঘর্ষের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে একটি প্রতিনিধিদল বিএনপির কার্যালয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। এর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মিয়ান আরাফি। তাকে সেখানে নিয়ে যান জেনারেল সারওয়ার্দী।