জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত জাতিসংঘ, আসিয়ান এবং আঞ্চলিক দেশগুলোকে রোহিঙ্গা প্রত্যাবাসনে গৃহীত পাইলট প্রকল্পকে সমর্থন এবং এ প্রকল্পের আওতায় প্রত্যাবাসিত রোহিঙ্গাদের মিয়ানমারের সমাজে একীভূত হতে সহায়তা করার জন্য আহবান জানিয়েছেন। নিরাপত্তা পরিষদের অন্যতম স্থায়ী সদস্য যুক্তরাজ্যের উদ্যোগে আয়োজিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ আহবান জানান।
শনিবার (২০ মে ) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।
এ সময় রাষ্ট্রদূত মুহিত নিরাপত্তা পরিষদকে জানান, উভয় পক্ষ রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসনের লক্ষ্যে একটি পাইলট প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের অধীনে একদল রোহিঙ্গা প্রথম ব্যাচে মিয়ানমারে ফিরে যাবে এবং পর্যায়ক্রমে অন্যান্যদের প্রত্যাবাসন করা হবে।
তিনি আরও জানান, গত ৫ মে ২০ রোহিঙ্গার একটি দল মিয়ানমারের রাখাইন রাজ্যে যান। সেখানে তারা তাদের প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের গৃহীত ব্যবস্থা পরিদর্শন করেন। পাইলট প্রকল্পটিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এর আওতায় রোহিঙ্গাদের পারিবারিক ইউনিটে স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।
তবে রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত যাওয়ার পর আবার যেন নিপীড়নের শিকার না হয়, সেজন্য আন্তর্জাতিক স¤প্রদায়কে সজাগ থাকার আহবান জানান তিনি।
রোহিঙ্গাদের ওপর অনুষ্ঠিত বৈঠকে নিরাপত্তা পরিষদের সব সদস্য এবং আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলো অংশ নেয়। তারা রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায়, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের প্রতি সমর্থন ব্যক্ত করেন।