প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (১৩ আগস্ট) দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে সয়াবিন তেল, মসুর ডাল ও চাল থাকলেও, থাকছে না চিনি।
শনিবার (১২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিসিবি।
তবে এবারই প্রথম টিসিবির পণ্যে থাকছে না চিনি।
এর কারণ হিসেবে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবীর বলেন, ‘দেশের বাইরে থেকে যে চিনি আসার কথা সেটি এখনও আসেনি। যদি এটি আগামী মাসে আসে, তাহলে আগামী মাসের বিক্রি কার্যক্রমে তা যুক্ত করা হবে। না হলে তার পরের মাসে দেয়া হবে। চিনি না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি না। চিনি এলে বিক্রি কার্যক্রমে এটি যুক্ত করা হবে। ’
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। শোকাবহ আগস্ট মাসের বিক্রি কার্যক্রম রোববার (১৩ আগস্ট) থেকে ঢাকা মহানগরসহ সারাদেশে শুরু হবে। এ বিক্রয় কার্যক্রম ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তাদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগস্ট মাসের বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা, মসুর ডাল ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা। এ
অন্যদিকে, গত মাস থেকে টিসিবির পণ্যের সঙ্গে ওএমএসের চাল পাচ্ছেন কার্ডধারীরা। তবে আগস্টের বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি। এতদিন টিসিবির বিক্রি কার্যক্রমে উপকারভোগীরা ৭০ টাকা দরে ১ কেজি চিনিও কিনতে পারতেন। কিন্তু আগস্ট মাসের সাশ্রয়ী মূল্যে বিক্রি কার্যক্রমে থাকছে না চিনি।