রাষ্ট্রপতির সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গভবনে তাদের সাক্ষাৎ হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে স্পিকার দুই মেয়াদে সফলতার সাথে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালনের জন্য আবদুল হামিদকে অভিনন্দন জানান।  এ ছাড়াও সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ দেন।  তিনি বলেন, এর মাধ্যমে বর্তমান ও নতুন প্রজন্ম সংসদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।  এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাবে।

পরে দুজনের মধ্যে সংসদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।  এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নুর ই আলম চৌধুরী ও হুইপ আতিউর রহমান আতিক, মাহবুব আরা বেগম গিনী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।  রাষ্ট্রপতির সচিবগণও এ সময় উপস্থিত ছিলেন।  সংশ্লিষ্ট সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।