রাশিয়া-ইউক্রেইন কেউই আলোচনার দ্বার বন্ধ করেনি: চীন

চীনের ইউরেশিয়া বিষয়ক বিশেষ দূত লি হুই বলেছেন, ইউক্রেইন এবং রাশিয়া কেউই আলোচনার দ্বার চূড়ান্তভাবে বন্ধ করে দেয়নি।  যদিও এ মুহূর্তে আলোচনার টেবিলে আসতে তাদের মধ্যে সমস্যা বিরাজ করছে।

গতমাসে ইউরোপীয় সফর নিয়ে গণমাধ্যমে এক ব্রিফিংয়ে লি বলেন, রুশপক্ষ ইউক্রেইন সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য চীনের আকাঙ্খা এবং চেষ্টার প্রশংসা করেছে।

মে মাসে লি ইউক্রেইন যুদ্ধের চূড়ান্ত রাজনৈতিক সমাধানের জন্য কিইভ, ওয়ারশ, প্যারিস, বার্লিন, ব্রাসেলস এবং মস্কোয় ১২ দিনের সফর করেন।

লি বলেন, ইউক্রেইন-রাশিয়া যুদ্ধ বেড়ে যাওয়ার ঝুঁকি এখনও অনেক বেশি। পরিস্থিতি শান্ত করতে সবপক্ষকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।  পরিস্থিতি শান্ত করার পরিবেশ যতদিন উপযোগী থাকবে, চীন ততদিন যে কোনওকিছু করতে রাজি থাকবে।

লি ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।  ২০২২ সালে রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের পর কিইভ সফর করা প্রথম সবচেয়ে ঊর্ধ্বতন চীনা কর্মকর্তা তিনি।

ইউক্রেইনে রুশ বাহিনীর বিরুদ্ধে কিইভের পরিকল্পিত পাল্টা হামলার আগে কিইভ সফর করেছেন এই চীনা দূত। যদিও তার এই সফর দৃশ্যত কোনও কূটনৈতিক অগ্রগতি বয়ে আনেনি।

রাশিয়া এবং চীনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে।  ইউক্রেইনে আগ্রাসনের জন্য চীন কখনও রাশিয়ার সমালোচনা করেনি।  আবার রাশিয়ার অভিযানকে আগ্রাসনও বলেনি।

ইউক্রেইন যুদ্ধে চীন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে বলেই দাবি করেছে।  ওদিকে, ক্রেমলিন বলেছে, রাশিয়া এই যুদ্ধ বন্ধে আলোচনার দ্বার খোলা রেখেছে।

তবে ইউক্রেইন বলছে, কোনও শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার আগে ক্রাইমিয়া উপদ্বীপসহ রাশিয়ার দখল করা সব অঞ্চল এবং ইউক্রেইনের প্রতি ইঞ্চি ভূমি থেকে সেনা সরিয়ে নিতে হবে মস্কোকে।