রাতেই ৮৩ টন পেঁয়াজ ঢুকছে চট্টগ্রামে, কমে গেল দাম

আমদানির খবরে দেশের বৃহত্তম ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই-খাতুনগঞ্জে কমে গেছে পেঁয়াজের দাম।

মঙ্গলবার (৬ জুন) প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ আগের দিন প্রতি কেজি বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।

এদিকে, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ চট্টগ্রামে আসার পথে রয়েছে। সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেই ছয়টি ট্রাক ৮৪ টন পেঁয়াজ নিয়ে প্রবেশ করবে খাতুনগঞ্জে।

আগামীকাল বুধবার (৭ জুন) থেকে ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামের এই পাইকারি বাজারে বিক্রি হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম বলেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ছয়টি ট্রাকে চট্টগ্রামে আনা হচ্ছে। প্রতিটি ট্রাকে ১৪ টন করে পেঁয়াজ রয়েছে। এখন থেকে প্রতিদিনই ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামে ঢুকবে। বুধবার থেকে ভারতীয় পেঁয়াজ চট্টগ্রামে বিক্রি হবে। প্রথম দিন কেজি ৫০ টাকার মতো দাম হতে পারে। যখন বেশি ঢুকবে তখন আরও কমে আসবে।