রাজ কাবিননামা ছিঁড়ে ফেলেছে: পরীমণি

গত ২৯ মে তিন অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের সঙ্গে কয়েকটি ভিডিও ও ছবি ফাঁসের ঘটনায় টালমাটাল অবস্থা চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসার।  দুজনের সংসারে বাজছে ভাঙনের সুর।  এ নিয়ে কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়ে আসছে।

রাজের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ পরী, এমনটাই প্রকাশ পাচ্ছে।  পরীমণি বলেছেন, তিনি রাজের স্ত্রী, এটি আর শুনতে চান না।

এদিকে রাজের দাবি, পরীমণির সঙ্গে তার দাম্পত্যকলহে সবসময়ই তৃতীয় পক্ষের ইন্ধনে হয়েছে।

এমন আবহের মধ্যেই রোববার (৪ মে) এক গণমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করেন পরীমণি জানান, ‘আর না, অনেক হয়েছে।  এবার টোটালি ফুলস্টপ।  কার সঙ্গে ঘর করবো? ঘর করার তো আর কিছুই নাই।  ইচ্ছে থাকলেওতো আর হচ্ছে না।  যার সাথে ঘর করবো সেইতো নেই।’

এ সংসার নিয়ে আর তিনি এগোতে চান না জানিয়ে পরীমণি বলেন, অনেক চেষ্টা করেছি রাজের সঙ্গে এক ছাদের নিচে থাকতে।  কিন্তু তা আর হলো না।  এরপরও আমি তাকে ধরে রাখার চেষ্টা করেছি, হাত-পা ধরেছি।  কিন্তু রাজ আমার সাথে থাকতে চায় না।  যাওয়ার আগে আমার চরিত্র নিয়ে কথা বলে গেছে।  আমাকে নিয়ে যে কথাগুলো তুললো, তার প্রমাণ যেন অবশ্যই সে দেয়।

পরীমণি আরো বলেন, আপনারা হয়তো জানেন না, গত মার্চের শেষ সপ্তাহে আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে রাজ।  শুধু ছেঁড়া বললে ভুল হবে, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে।  তখন সে বলেছিল, এ বিয়ে সে মানে না।  আপনারাই বলুন কি হাস্যকর একটা কথা।  কাবিননামা ছিঁড়লেই কি বিয়ে ভেঙে যায়।  এতো কিছুর পরেও আমি তার সঙ্গে কন্টিনিউ করার চেষ্টা করেছি।

পরীমণি বলেন, এটা সত্যি আমার অতীত খুব একটা সুখকর না।  এতো কিছুর পরেও আমি রক্ত মাংসের মানুষ।  অন্তত, সন্তানের মুখের দিকে চেয়েও সংসারের প্রতি আস্থা রেখেছিলাম।  সেটাও আর হয়ে উঠলো না।

এছাড়া এই ইস্যু ঘিরে আবারও নতুন কোনো ইস্যু বা খবরের খোরাক হতে চান না পরীমণি।