রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট ভয়াবহ আগুনে পুড়ে গেছে। শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের ঘটনা ঘটে। নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।
শনিবার সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি বলেন, এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিংয়ের কাজ চলছে।
পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরাও।