রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেফতার হওয়া অভিযুক্তদের কাছে থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে।
শনিবার (২০ মে) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৯ মে ) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা, ২০ কেজি ৩৩৫ গ্রাম গাঁজা, ৩২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন, ১২০ বোতল ফেনসিডিল, ১০.৭৫ লি. দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা রুজু হয়েছে।